সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (২১ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। তিনি জানান, মরহুম মোশাররফ হোসেন তার চাচা শ্বশুর ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন সাবেক এই সংসদ সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমের জানাজা রোববার বাদ আছর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন জয় বাংলা বাহিনী (বিএলএফ)-এর নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন।

রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনেও সক্রিয় ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন মোশাররফ হোসেন। পরবর্তীতে তিনি জাতীয় রাজনীতিতে যুক্ত হন এবং সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন লক্ষ্মীপুর-৪ থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এই প্রবীণ রাজনীতিক।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, মুক্তিযোদ্ধা সমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।