
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২০ জুন) রাতে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) ও নিজাম ঢালী (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভোজেশ্বর বাজারের একটি হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নড়িয়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :