প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২০ জুন) সকালে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে পাঁচজনের একটি দল ওই কারখানার সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কের দিকে এগিয়ে আসছেন। এ সময় আশপাশ দিয়ে সাধারণ মানুষ চলাচল করছিলেন। হঠাৎ ওই যুবক তার প্যান্টের পেছনের পকেট থেকে একটি পিস্তল বের করে কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন।

এরপর তাকে সড়ক ধরে এগিয়ে যেতে যেতে পিস্তল উঁচিয়ে আরও কয়েকটি গুলি ছুড়তে দেখা যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এ ঘটনার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।