
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে বলেও দাবি করেছে নিহতের পরিবার।
রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন জয়নাল—এমন অভিযোগ তুলে তাকে ধরে ফেলেন স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীর দাশ। পরে তাকে মারধর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় জয়নালকে স্কুলের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করার চেষ্টা করে।
তবে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের গাড়িতে মরদেহ তুলতে বাধা দেন। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা ছেনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তার বিচার হতো। এভাবে তাকে মেরে ফেলা যায় না। আমার ছেলেকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলে চুরি করতে গিয়ে ওই যুবক ধরা পড়েন। পরে তাকে মারধর করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যালয়ের দুই প্রহরী আজাদ ও সমীর দাশকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগের সত্যতা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :