
গত তিন মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হাম। টিকাদান কার্যক্রম জোরদার করার পরও নিয়ন্ত্রণে আসছে না রোগটির বিস্তার। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫৮৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৯ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এই বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩০৪ শিশু। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও রোগটির বিস্তার পুরোপুরি থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ না করা, সচেতনতার ঘাটতি এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় না আনতে পারা—এসব কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী এই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি ও টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :