
গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করে আবারও অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। শনিবার (২০ জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কারখানা সূত্র ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর থেকেই অনেকের মধ্যে মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে কারখানার বিভিন্ন ফ্লোরের একাধিক শ্রমিক একই ধরনের সমস্যায় আক্রান্ত হলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
আক্রান্ত শ্রমিকদের অভিযোগ, কারখানার সরবরাহ করা পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল। পানি পান করার পরপরই তারা অসুস্থ অনুভব করতে শুরু করেন। তবে পানির মান ও অসুস্থতার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করছে প্রশাসন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, একসঙ্গে অনেক শ্রমিক হাসপাতালে আসায় চিকিৎসা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক শঙ্কামুক্ত রয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, পানির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আগামীকাল পাওয়ার কথা রয়েছে। তবে শনিবার আবার শ্রমিক অসুস্থ হওয়ার বিষয়টি তার জানা ছিল না বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ জুন বৃহস্পতিবার একই কারখানায় সরবরাহ করা পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তিতে শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পানির উৎস ও মান নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :