শ্রী রামচন্দ্রের মূর্তিকে অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
শ্রী রামচন্দ্রের মূর্তিকে অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত শ্রী রামচন্দ্রের মূর্তিকে অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু কিছু অসাধু মহল ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর একটি চক্র দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।

বক্তারা দৃঢ়ভাবে ঘোষণা দেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো চেষ্টা তারা প্রতিহত করবেন এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র নাথ রায়, যুব ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত মিত্র, ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, মহিলা ঐক্য পরিষদের নেত্রী মিনতি দাস ও মল্লিকা রানীসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।কর্মসূচি চলাকালে প্রেসক্লাব এলাকার আশপাশে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।