
গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় অবস্থিত ‘ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড’ নামের একটি অবৈধ পোড়া মবিল ও টায়ার গলিয়ে কেমিক্যাল উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) দুপুরে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পরপরই কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বের হয়ে আসেন। তিনি জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পুরোনো টায়ার ও পোড়া মবিল প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন করা হতো। কারখানাটি বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। তখন কারখানাটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হতো।
ওই দুর্ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে ‘অটো গ্রিন অয়েল কোম্পানি’ করা হয়। পরবর্তীতে আবারও নাম পরিবর্তন করে ‘ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড’ নামে কার্যক্রম চালানো হচ্ছিল বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও কারখানার অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :