
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাতভর অনুসন্ধান চালানো হলেও শিশুটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে সানজিদার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :