নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার কৃষক-কৃষাণীকে সহায়তা প্রদান করা হচ্ছে।

শনিবার (২০ জুন, ২০২৬) দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

বক্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪ হাজার কৃষক-কৃষাণী সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।