
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে তিনি ক্ষতিকর তামাক চাষ থেকে সরে এসে পুষ্টিকর ও লাভজনক ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২০ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে কেবল উৎপাদনমুখী খাতে সীমাবদ্ধ না রেখে কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, “কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।” কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মন্ত্রী ফিতা কেটে ‘পাটনার কনগ্রেস-২০২৬’। পরে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন। সেখানে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘পাটনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষ করে গড়ে তোলাই প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রায় ৩০০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে লালমনিরহাটসহ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :