ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা আটকা ৮০০ যাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা আটকা ৮০০ যাত্রী

চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় দুই ঘণ্টা আটকা পড়েছেন অন্তত ৮০০ যাত্রী। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীসহ সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশ করার সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।

রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে ইঞ্জিনে আগুনের আভাস পাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহনের খোঁজ শুরু করেন।

লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক বলেন, সকাল ৭টা ১৫ মিনিটে তিনি ট্রেনে উঠেছেন। ফেনীতে পৌঁছানোর পর দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্রেনে বসে থাকতে হয়েছে। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেন ছেড়ে সড়কপথে গন্তব্যে রওনা হয়েছেন বলেও জানান তিনি। আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, এতক্ষণে তাদের চট্টগ্রামে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু দুই সন্তান নিয়ে দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিনটি ইতোমধ্যে ফৌজদারহাট অতিক্রম করেছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে যাত্রা করার কথা ছিল, তাদের কেউ কেউ টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে চলে গেছেন। এদিকে মেঘনা এক্সপ্রেস একটি লাইনে আটকে থাকলেও ফেনী স্টেশনের পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।