
রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শতাব্দী চাকমা রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মৃত রবীচন্দ্র চাকমা ও মৃত লক্ষীদেবী চাকমার মেয়ে। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন ওই শিক্ষিকা। কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান বলেন, সকালে বিদ্যুতায়িত অবস্থায় একজন নারীকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঘিলাছড়ি এলাকায় এক স্কুল শিক্ষক জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :