
বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে দাবি করে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে নতুন চুক্তি করা হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
এর আগে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের মাত্র তিন মাসের সময়ে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন মন্ত্রী।
এর আগে উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে মির্জা ফখরুল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন।
আপনার মতামত লিখুন :