
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকার জলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।
পুলিশ জানায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি ওপরে উঠে না আসায় তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন ওই গর্তে প্রবেশ করেন। পরে তারা সবাই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে অসুস্থ হয়ে পড়েন এবং গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্য। তারা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গর্ত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত টয়লেটের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাস সম্পর্কে ধারণা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকা বা পরিত্যক্ত গর্ত, কূপ ও টয়লেটে প্রবেশের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।
আপনার মতামত লিখুন :