
উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি তিস্তা সেচ প্রকল্প আধুনিকায়ন ও নদী অববাহিকার স্থায়ী সুরক্ষায় হাতীবান্ধার দোয়ানীতে তিস্তা ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সরকারের পানিসম্পদ ও ত্রাণ মন্ত্রণালয়ের তিন নীতিনির্ধারক।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই সফরের মধ্য দিয়ে উত্তর জনপদের লাখো মানুষের স্বপ্নের তিস্তা মহাপরিকল্পনা দ্রুত আলোর মুখ দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে মন্ত্রীরা তিস্তা ব্যারাজের পরিচালন কাঠামো, সেচ খালের পানি বণ্টন ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে ব্যারাজের অবসর হলরুমে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিস্তা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা উপস্থাপন করেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রীরা বলেন, “তিস্তা ব্যারাজ শুধু একটি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নয়, এটি এই অঞ্চলের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রূপান্তর করে কৃষকদের জীবনমান উন্নয়নে এর ভূমিকা অক্ষুণ্ণ রাখতে সেচ ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন”।
এরপর মন্ত্রীরা তিস্তা সড়ক ও রেল সেতু এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সেতুর পাদদেশে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে নদীপাড়ের মানুষ মন্ত্রীদের কাছে তাঁদের জমি ও ভিটেমাটি হারানোর দীর্ঘদিনের আর্তনাদ তুলে ধরেন। মন্ত্রীরা তাঁদের আশ্বস্ত করে বলেন, সরকার স্থায়ী নদীশাসন ও ভাঙন রোধে দ্রুত টেকসই পদক্ষেপ গ্রহণ করছে। এই হাই-প্রোফাইল রাষ্ট্রীয় সফরে লালমনিরহাট ১ ও ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও রোকন উদ্দিন বাবুল মন্ত্রীদের সঙ্গে থেকে এলাকার সার্বিক সমস্যা তুলে ধরেন।
সভায় প্রশাসনিক ও প্রকৌশলগত দিকনির্দেশনা দিতে উপস্থিত ছিলেন পানিসম্পদ সচিব ড. একেএম. শাহাবুদ্দিন, পাউবোর মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহসহ রংপুর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুই জেলার জেলা প্রশাসকগণ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রটোকল নিশ্চিতকরণে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী যৌথভাবে কাজ করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :