
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক জামাতা আটক হয়েছেন। বুধবার (১৭ জুন) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক ব্যক্তি ফারুক হোসেন (৩৩)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার জামাতা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে ফারুক হোসেনের সঙ্গে ওই গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। এর ফলে সংসারে অশান্তি তৈরি হয় এবং তিনি আর্থিক সংকটে পড়েন।
স্থানীয়দের দাবি, ঋণের চাপ ও অর্থের প্রয়োজন মেটাতে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফারুক শ্বশুরবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে স্থানীয়দের উদ্যোগে বিষয়টি নিয়ে একটি সালিশ বৈঠক বসে। সেখানে ফারুক হোসেন নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা দেন। এরপর তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক মোতালেব হোসেন বলেন, মাদক ও জুয়ার কারণে অনেক যুবক অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। গ্রামাঞ্চলেও এ ধরনের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।
ধলাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। ফারুকের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :