ব্র্যাকের উদ্যোগে কৃষককে পাওয়ার টিলার প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা


কালীগঞ্জ প্রতিনিধি, আল আমিন প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ব্র্যাকের উদ্যোগে কৃষককে পাওয়ার টিলার প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে লালমনিরহাটের কালীগঞ্জে এক কৃষকের হাতে পাওয়ার টিলার তুলে দিয়েছে ব্র্যাক। বৃহস্পতিবার বিকেলে ব্র্যাকের কালীগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি যন্ত্রটি হস্তান্তর করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে শাখার ঋণগ্রহীতা মোছা. জুলেখা খাতুন ও তার স্বামী কৃষক মো. তমিজউদ্দীনের কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়।

ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, পাওয়ার টিলারটির মোট মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে ৯০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেছে ব্র্যাক। বাকি ৯০ হাজার টাকা সুবিধাভোগী কৃষক ১২টি কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) পলাশ সাহা, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাজেদুর রহমান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. আব্দুস ছাত্তার শেখ, ডেপুটি ম্যানেজার (বিডিইউ) মো. মেহেদী হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএসলিড) মো. হাফিজুর রহমান, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. নুরুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মোশাররফ হোসেন এবং সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) মো. রায়হান ফারুক।

বক্তারা বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে এবং ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিকাজে সম্পৃক্ত করতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, কৃষি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাকের কালীগঞ্জ শাখা এর আগে মাছের পোনা, হাঁস-মুরগির বাচ্চা, ধান ও সবজির বীজ এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।