পীরগঞ্জে আল-হেরা আইডিয়াল একাডেমী, সুনামের পথে এগিয়ে চলছে


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
পীরগঞ্জে আল-হেরা আইডিয়াল একাডেমী, সুনামের পথে এগিয়ে চলছে

রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন মনোরম পরিবেশে গড়ে ওঠা প্রি-ক্যাডেট শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা আইডিয়াল একাডেমী প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই শিক্ষা অঙ্গনে সুনাম অর্জন করেছে। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ২০২২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি এবং হিফজ বিভাগে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার তারিকুল ইসলামের উদ্যোগ ও পরিকল্পনায় গড়ে ওঠা এই শিক্ষালয় শুরু থেকেই শৃঙ্খলা, শিক্ষার মান এবং নৈতিকতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি স্থানীয় অভিভাবকদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিদ্যালয়ে ১৬ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করছেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম, পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম বলেন, “আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা পথচলা শুরু করেছি। ব্যতিক্রমধর্মী শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম লিমন জানান, “শিক্ষার গুণগত মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য আমাদের অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করেছে।”

সম্প্রতি সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে সন্তুষ্টির চিত্র পাওয়া গেছে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে অভিভাবকরা ইতিবাচক মতামত জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, আল-হেরা আইডিয়াল একাডেমী ভবিষ্যতে পীরগঞ্জ অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং মানসম্মত শিক্ষার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।