
ঢাকার আশুলিয়ার একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের জন্য নির্ধারিত ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত অবস্থায় রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি বর্ণ ‘টি’ খোদাই করা ছিল।
র্যাব-৪, সিপিসি-২ এর এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির প্রকৃত মালিকানা, উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা শনাক্ত করতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তদন্তের মাধ্যমে অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
আপনার মতামত লিখুন :