
বগুড়ার দুপচাঁচিয়ায় আমবোঝাই ট্রাক ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আনোয়ার হোসেন (৪২) নওগাঁর পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। আহত হেলপার হৃদয় (২৫) একই উপজেলার আমলাপুকুরিয়া গ্রামের আকবর শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে তিশিগাড়ী মোড় এলাকায় ঢাকা মেট্রো-ট-২৪-৬৯২৪ নম্বরের একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২২-৮৬১৪ নম্বরের একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আমবোঝাই ট্রাকটির চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ট্রাকের হেলপার হৃদয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর বগুড়া-নওগাঁ মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :