তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ , অতঃপর… 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ , অতঃপর… 

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইমা পারভীন চন্দনা (৩৫) নামে এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বাবা মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজের ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চন্দনা সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তার পৈতৃক বাড়ি তালা উপজেলার শিবপুর গ্রামে। স্বামীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত রোববার (১৫ জুন) সকাল ১০টার পর থেকে চন্দনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ চন্দনার বাবা মহিউদ্দীন শেখ অভিযোগ করে বলেন, তার মেয়েকে দীর্ঘদিন ধরে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ কারণে তিনি আশঙ্কা করছেন, চন্দনাকে তার স্বামী ও পরিবারের সদস্যরা কোথাও লুকিয়ে রাখতে পারেন অথবা তার কোনো ধরনের ক্ষতি হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত মেয়ের সন্ধান বের করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ নিশাত বলেন, নিখোঁজের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর থেকেই সবদিক বিবেচনায় রেখে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। তবে সংবাদ লেখা পর্যন্ত চন্দনার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ গৃহবধূর তথ্য দেশের বিভিন্ন থানায় পৌঁছে দিতে বেতার বার্তা পাঠানো হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা সরাসরি সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়দের ধারণা, দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এদিকে চন্দনার স্বজনরা তার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।