ঝালকাঠিতে আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীর নামে থাকা ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। জনস্বার্থে এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঝালকাঠি জেলা প্রশাসনের এক অফিস আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে জেলার ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক আকন, জেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রেজভী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ।

এ ছাড়া তালিকায় রয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ, কাঠালিয়া উপজেলা যুবলীগের মোহাম্মদ ফরিদুজ্জামান ও মোহাম্মদ জাকির হোসেন, ঝালকাঠি উপজেলা যুবলীগের মো. সোহেল আহমেদ, সৈয়দ জরুল হক স্বপন, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন রাবি পপি, নার্গিস আক্তার, চন্দ্রশেখর হালদার, শাহিন মৃধা, আলম হোসেনসহ আরও কয়েকজন।

অন্যদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম মিয়া, আমিনুল ইসলাম খান লিটন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান, মো. আরিফ হোসেন, মাজেদ হাসান, পলাশ মন্ডল এবং মো. লোকমান মল্লিক। ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার আসাদ আল গালিব জানিয়েছেন, লাইসেন্স বাতিল করা সব অস্ত্র বর্তমানে ঝালকাঠি জেলার চারটি থানায় জমা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্ত্রের লাইসেন্স বাতিলের পর এসব অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।