
কিশোরগঞ্জের মিঠামইনে যাত্রীবাহী নৌকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ঢাকার সাভার, কামরাঙ্গীরচর ও মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইছানুল হক ওরফে এহসানুল হক ফকির, মো. জুলহাস উদ্দিন এবং রুবেল মিয়া। পুলিশ জানিয়েছে, তারা নৌকায় সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যায় মিঠামইন নৌঘাট থেকে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা করিমগঞ্জের বালিখলা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে কিছু সময় অবস্থান করে। পরে আবার যাত্রা শুরু করলে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নৌকার গতিরোধ করে ডাকাতি চালায়।
ঘটনার পর মিঠামইন থানায় মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম ধাপে ১৫ জুন সাভার এলাকা থেকে ইছানুল হক ওরফে এহসানুল হক ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. জুলহাস উদ্দিনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আরেক সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রামদা, একটি লোহার রড এবং ছোট-বড় ২০টি বল্লম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :