
চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার পানির সরবরাহ ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। এ কারণে কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন ১৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এতে নগরের বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হতে পারে।
বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজ চলছে। এ কাজের অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা হবে।
ওয়াসার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ থাকবে। এ সময় নগরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
যেসব এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও সংলগ্ন এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও আশপাশের এলাকা।
এ ছাড়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক এলাকা, তুলাতলী ও রাজাখালী এলাকাতেও পানি সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :