সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর আজকের মূল কর্মসূচি মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অনেকে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। ঢাকা থেকে যাতায়াতের জন্য তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তবে মৌলভীবাজার যাওয়ার পথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাবেন।

সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সিলেটে ফিরে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।