
লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দক্ষ মানবসম্পদ গড়ে না উঠলে উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক। তিনি বলেন, সমাজসেবা কার্যালয় সবসময় পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরি করা, যাতে তারা প্রশিক্ষণ শেষে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে পারেন। তিনি প্রশিক্ষণ পরবর্তী সময়েও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, প্রশিক্ষক এবং ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। ১৫ দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন :