
লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গোশালা রোডে টানা দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত ব্যবসায়ী ও দোকান মালিক। গত ১৬ জুন সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই সমস্যার কারণে ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রান্সফরমারের ভারসাম্যহীনতা এবং অপর্যাপ্ত সক্ষমতার কারণে দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলেও এবার তা প্রকট আকার ধারণ করেছে।
ব্যবসায়ীরা জানান, গোশালা রোডের একপাশে বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত সক্ষমতার ট্রান্সফরমার থাকলেও অন্য পাশে প্রয়োজনীয় ক্ষমতার ট্রান্সফরমার না থাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। ফলে সন্ধ্যা নামলেই এলাকার একটি বড় অংশ অন্ধকারে ডুবে যাচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, সমস্যার বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও ১৭ জুন সন্ধ্যা পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোকছেদুর রহমান বলেন, “নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। বারবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত ট্রান্সফরমার সমস্যার সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।”
ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :