
নওগাঁর আত্রাই উপজেলায় নেয়ামুল বাছির (৪৮) নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ জুন) সকালে শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকার একটি নির্জন সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নেয়ামুল বাছির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি হজ কাফেলা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শেষবারের মতো কথা হয় নেয়ামুল বাছিরের। এশার নামাজের পর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের দিকে রওনা দেন। তবে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।
নিহতের ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি জানান, দুর্বৃত্তরা পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকার নির্জন স্থানে ফেলে রেখে যায়।
বুধবার সকালে স্থানীয়রা ওই এলাকায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় বিষয়টি সান্তাহার জিআরপি থানাকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের সদস্যরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :