যুক্তরাষ্ট্রে উদীয়মান বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. তনিমা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে উদীয়মান বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. তনিমা

বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক আমেরিকান’-এর ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা।

অতিভারী কৃষ্ণগহ্বর ও গ্যালাক্সির সক্রিয় কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাকে সাময়িকীটির প্রথমবারের মতো প্রকাশিত ‘তরুণ আমেরিকান বিজ্ঞানী’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন শাখার মাত্র ২৮ জন তরুণ গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত ড. তনিমা তাসনিম অনন্যা মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার মূল বিষয় হলো—অতিভারী কৃষ্ণগহ্বর কীভাবে আশপাশের গ্যাস ও পদার্থ শোষণ করে এবং এর ফলে একটি গ্যালাক্সির গঠন, বিকাশ ও পরিবর্তনে কী ধরনের প্রভাব পড়ে।

সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত তার পরিচিতিতে বলা হয়েছে, ঢাকায় বেড়ে ওঠা তনিমার মহাকাশের প্রতি আগ্রহের শুরু শৈশবেই। বিদ্যুৎ-বিভ্রাটের সময় আকাশভরা তারা দেখে মহাবিশ্ব সম্পর্কে তার মনে গভীর কৌতূহল তৈরি হয়। সেই আগ্রহ থেকেই তিনি জ্যোতির্পদার্থবিজ্ঞানের গবেষণার পথে এগিয়ে যান।

তার গবেষণায় বিভিন্ন মহাকাশ পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কৃষ্ণগহ্বরের চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণার গঠন এবং আচরণ সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করছেন, তার গবেষণা মহাবিশ্বের সৃষ্টি, গ্যালাক্সির বিকাশ এবং কৃষ্ণগহ্বরের কার্যপ্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিতে সক্ষম হবে।

ড. তনিমা তাসনিম অনন্যা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের বড় মেয়ে। তার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে পরিবার, স্বজন ও দেশের বিজ্ঞানমনস্ক মহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞান সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি মেধা ও গবেষণার সক্ষমতারও উজ্জ্বল স্বীকৃতি। তার সাফল্য দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও মনে করছেন তারা।