
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চা শ্রমিকদের ঢল নেমেছে। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।
প্রধানমন্ত্রী দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসুস্থ ব্যক্তিদের সহায়তার চেক প্রদান করবেন। এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন রঙের পোশাক পরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। পাশাপাশি চা বাগানের শ্রমিকরাও দল বেঁধে মাঠে আসেন। মাঠের একটি অংশে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগান বন্ধ রাখা হয়েছে। তারা দলবদ্ধভাবে গাড়িতে করে অনুষ্ঠানে এসেছেন শুধু প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য।
চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, চায়ের দেশে প্রধানমন্ত্রী এসেছেন, তাই তাকে দেখতে তারা অনুষ্ঠানে এসেছেন। একই সঙ্গে তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর এই সফরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আপনার মতামত লিখুন :