পীরগঞ্জে ৬৬৫ সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
পীরগঞ্জে ৬৬৫ সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে অস্বচ্ছল পরিবারের জন্য “ফ্যামিলি কার্ড” বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সুবিধাভোগীদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

তৃতীয় পর্যায়ের এই কর্মসূচির আওতায় দেশের ১৯ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ১৯টি ওয়ার্ডে মোট ৯ হাজারের বেশি সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৬৬৫ জন সুবিধাভোগী এই কার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংসদ সদস্যগণ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।

জানা যায়, আইবাস++ সিস্টেমের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পেয়ে স্থানীয় উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কাঠালপাড়া গ্রামের হেলালি বেগম ও যাদবপুর গ্রামের মনোয়ারা বেগম জানান, এই সহায়তা তাদের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।