ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন মাদারগঞ্জ গ্রামের ডারাপাড়া কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের খোরশেদ এবং ময়মনসিংহের গৌরীপুর থানার রামচন্দ্রগড় গ্রামের মো. সিরাজ মিয়া (৪০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্টের ওপর বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পিকআপ ভ্যান থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।