সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ভোলায় আধুনিক সাংবাদিকতা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাল্টিমিডিয়া, মোবাইল সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিং বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই সঠিক তথ্য যাচাই, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন এখন সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম নজরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষণ কো-অর্ডিনেটর জিলহজ্জ উদ্দিন নিপুন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন এবং প্রেসক্লাব সম্পাদক মো. নাসির উদ্দিন লিটন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার মোট ৪০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্টচেকিং পদ্ধতি এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন কৌশল।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন। তিনি অংশগ্রহণকারীদের বাস্তব উদাহরণসহ দেখান কীভাবে স্মার্টফোন ব্যবহার করে দ্রুত ও কার্যকরভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করা যায়। পাশাপাশি ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, বর্তমান সময়ের সাংবাদিকদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। বিশেষ করে অনলাইন ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই এবং আকর্ষণীয় মাল্টিমিডিয়া উপস্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং মাঠপর্যায়ে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা করতে সাহায্য করবে। তিন দিনের এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আধুনিক সাংবাদিকতার বিভিন্ন টুলস ও কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।