
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের আবহে আয়োজিত এ শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার টিপুরদী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা হয়ে মেঘনা সেতু অতিক্রম করে ভবেরচর ঘুরে প্রায় ৩০ কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, সোনারগাঁ উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এই আয়োজন করা হয়। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন সমর্থকরা। এতে খুদে সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনা সমর্থক মনিরুজ্জামান মনির বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করে। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে এবং আনন্দ ভাগাভাগি করতেই তারা একত্র হয়েছেন।
আরেক সমর্থক কামরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। দলের খেলোয়াড়দের প্রতি বিশেষ ভালোবাসা থেকেই এ আয়োজনে অংশ নিয়েছেন। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার ভালো ফলের প্রত্যাশা করেন তিনি। শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাদা-আকাশি রঙের পতাকা ও জার্সিতে সেজে ওঠা সমর্থকদের উপস্থিতি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
আপনার মতামত লিখুন :