সংঘবদ্ধ ধর্ষণের পর ৫ বছরের শিশুর সঙ্গে নৃশংসতা, পরে মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
সংঘবদ্ধ ধর্ষণের পর ৫ বছরের শিশুর সঙ্গে নৃশংসতা, পরে মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে নিজ বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির কাছাকাছি কংস নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

পরবর্তীতে মরদেহ গোসল করানোর সময় শরীরে আঘাত ও সন্দেহজনক চিহ্ন দেখতে পান স্বজনরা। এরপর দাফনের প্রস্তুতি বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড ও নির্যাতনের আলামত পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকরা হলেন মারুফ হোসেন (২০), আরিফ হোসেন (১৮) ও রাকিব হাসান (১৯)। তারা ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে একজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে। তবে আরও একজনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে, যাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ছোট মেয়েটি সন্ধ্যার দিকে চিপস কিনে বাড়ি ফেরার পথে কদম ফুল দেওয়ার কথা বলে চার তরুণ নিয়ে যায়। পরে নদের পাড়ে জঙ্গলের মতো জায়গায় নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে জীবিত অবস্থাতেই শিশুটিকে নদে ফেলে দেয়।