মারামারি দেখতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
মারামারি দেখতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

মাগুরার সদর উপজেলায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সদর উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলার সময় পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বৃদ্ধ আরব আলী। এ সময় সংঘর্ষকারীদের ছোড়া একটি ইট তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই চাচা-ভাতিজার মধ্যে মারামারি চলছিল। কী ঘটছে তা দেখতে বাইরে বের হলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।