
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নন্দিনী ওই গ্রামের কৃষক নলনী বর্মণের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল নন্দিনী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে মাটিচাপা ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনার তদন্তে শিশুটির চাচা বিধান (১৯)-কে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। তবে আসামিকে থানায় নেওয়ার সময় স্থানীয় কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি পুলিশের পথরোধ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আসামিকে নিয়ে ফেরার সময় বিক্ষুব্ধ জনতা প্রশাসনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর ব্যবহৃত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে পুলিশ সদস্য ও এলাকাবাসীসহ অন্তত ৩০ জন আহত হন।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিকে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেন। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ফিরে আসার সময় অতর্কিত হামলা চালানো হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশের গাড়িবহরে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ঘটনার পর আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :