ভাগনের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দেশে ফিরে যে কাণ্ড প্রবাসীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
ভাগনের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দেশে ফিরে যে কাণ্ড প্রবাসীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে দূর সম্পর্কের ভাগনের সঙ্গে স্ত্রীর পালিয়ে বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আনোয়ার ওই গ্রামের কেরামত আলী বেপারী বাড়ির মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার দীর্ঘ প্রায় ৯ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে তিনি দুম্বা পালন করতেন। প্রবাসে থাকা অবস্থায় তিনি স্ত্রী আকলিমা আক্তারের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। ওই অর্থ দিয়ে স্ত্রীর নামে জমিও কেনা হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ছয় মাস আগে দুই সন্তানের জননী আকলিমা আক্তার স্বামীর দূর সম্পর্কের এক ভাগনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে ওই যুবককে বিয়ে করেন। ওই যুবকের নামও আনোয়ার বলে জানা গেছে।

প্রায় ৯ থেকে ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন প্রবাসী আনোয়ার। দেশে ফিরে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি বলে পরিবারের দাবি।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার আকলিমা তার স্বামীর কাছে তালাকের নোটিশ পাঠান। এরপর থেকেই আনোয়ার মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে অভিমান ও ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় নিহতের পরিবার স্ত্রীকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।