পাহাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
পাহাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭৮ থেকে ৮০ বছর হতে পারে। মরদেহের পরনে কোনো পোশাক ছিল না। কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।