
পঞ্চগড়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অর্ধশতাধিক স্থানীয় মাছচাষি অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় পঞ্চগড়ের ক্যাফে জিরো পয়েন্ট নামক একটি রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা বিষয়েও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, ব্র্যাক ফিস হ্যাচারি বীরগঞ্জ, দিনাজপুরের প্রোডাকশন অফিসার অপূর্ব বর্মন এবং একুয়া সাইন্টিফিক অফিসার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের পঞ্চগড়-ঠাকুরগাঁও অঞ্চলের সেলস অফিসার নাজমুল হাসান, যিনি পুরো কর্মসূচি সমন্বয় করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষিদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পরে সকল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :