নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ ঘটনায় স্থানীয় জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সোমবার (১৫ জুন) সকালে শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় জেলেরা নাফ নদীসংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটক জেলেরা হলেন— শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), কামাল হোসেনের ছেলে মো. জলিল (১৪), আব্দুস শুক্কুরের ছেলে আজম উল্লাহ (১২), মো. রফিকের ছেলে হেলাল (১২), মিস্ত্রিপাড়া এলাকার সব্বির আহমেদের ছেলে ফয়সাল আহমেদ (২৪), কোনাপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে সৈয়দুর রহমান (২০) এবং সৈয়দ আলম।

স্থানীয়রা জানান, আটক হওয়া দুটি মাছ ধরার নৌকার একটি দক্ষিণপাড়ার মো. ফয়সালের এবং অপরটি কোনাপাড়ার শওকতের মালিকানাধীন। জেলেদের ধরে নিয়ে যাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জেলে জানান, তারা দূর থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের নিয়ন্ত্রণে যেতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের জলসীমায় প্রবেশের সময় ৭ জন জেলেসহ দুটি মাছ ধরার নৌকা আটকের বিষয়টি কোস্ট গার্ড নিশ্চিত করেছে। ঘটনাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ কোস্ট গার্ডবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রশাসন আশা করছে, কূটনৈতিক ও সীমান্ত সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে জেলেদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।