জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন দুই সন্তানের জননী জান্নাতুল মাওয়া। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (১৪ জুন) জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে জান্নাতুল মাওয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

স্থানীয়দের দাবি, সম্প্রতি প্লাবন বিশ্বাস ও জান্নাতুল মাওয়াকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হলে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান।

জামিনে মুক্ত হওয়ার পর গভীর রাতে জান্নাতুল মাওয়া প্লাবন বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, প্রায় নয় মাস ধরে প্লাবনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর তার স্বামী শাহিদুল ইসলাম তাকে তালাক দিয়েছেন। ফলে তিনি এখন প্লাবনের কাছ থেকে বৈবাহিক স্বীকৃতি দাবি করছেন।

জান্নাতুল মাওয়া বলেন, “প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই, সে আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক।” এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। প্রেমের সম্পর্ক, পারিবারিক ভাঙন এবং বিয়ের দাবিতে অনশনের ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচিত হয়ে উঠেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্লাবন বিশ্বাস কিংবা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানা গেছে। বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে কীভাবে সমাধান হবে, সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।