গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০

গোপালগঞ্জে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৬০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বাসযাত্রীর মৃত্যু হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।