অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ারচালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে বিল্লাল হোসেন মোটরসাইকেলযোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।