‎কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
‎কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাতামুহুরির ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারির ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এবিসি আঞ্চলিক মহাসড়কের মৌলভিপাড়া থেকে টইটং বাজার পর্যন্ত অংশে প্রায়ই বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।