মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও গোয়েন্দা শাখা) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যা মামলার আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে সোমবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার দাবি, প্রতিবেশী তেজু বড়ুয়ার সঙ্গে তাদের আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। ওই লেনদেনের কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। এছাড়া মৃত্যুর আগে এনি বড়ুয়াও তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।