
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. অন্তর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজী আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর। খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বজ্রপাতের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :