
রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকা থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়।
নিখোঁজ ছাত্রী চিংম্রাসিং মারমা (১৫)। তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর মেয়ে। তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় চিংম্রাসিং মারমা। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় রোববার (১৪ জুন) বিকেলে নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং শিক্ষার্থীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে হঠাৎ করে স্কুলছাত্রী নিখোঁজ হওয়ায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :