পাটক্ষেত থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
পাটক্ষেত থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদুজ্জামান (২৪) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন আসাদুজ্জামান। রাত ৮টার দিকে তিনি সৌদি আরবপ্রবাসী তার দুলাভাইকে মোবাইল ফোনে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

সোমবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আসাদুজ্জামানের বলে শনাক্ত করেন। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।